মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা ঘিরে উত্তেজনা: গণপিটুনিতে নিহত ২, আহত ১

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় ৯ বছর বয়সী শিশু আতিকা হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে ঘিরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বনপারিল এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শিশু আতিকার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নাঈম নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে ছাড়িয়ে নিতে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নাঈমের পিতা পান্নু মিয়া এবং চাচা ফজলু মিয়া (ফারুক) নিহত হন। এ সময় নাজমুল নামে আরও একজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের বাড়ি একই এলাকার বনপারিল গ্রামে বলে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু আতিকার হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মর্মান্তিক এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।