
হেলাল উদ্দিন, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, দেশের সীমান্ত এলাকায় মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফের কচুবনিয়া এলাকায় প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের আলোকে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক পরিকল্পনায় বিজিবির একটি আভিযানিক দল কচুবনিয়া এলাকায় কৌশলগত অবস্থান নেন।
পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি একটি ব্যাগে করে ইয়াবার চালান নিয়ে এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার বহনকৃত ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে সর্বমোট ৬ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি জানায়, আভিযানিক দলের দ্রুত, দক্ষ ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের একটি বড় অপচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।


