

ভোলা লালমোহন থানাধীন রমাগঞ্জ ইউনিয়নে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের গণভোট ও নির্বাচনীয় কার্যক্রমে বাধা দেওয়া এবং নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের মহিলা বিভাগের কয়েকজন কর্মী শুক্রবার সকালে রমাগঞ্জের ৬নং ওয়ার্ডের শাকিলের বাড়িতে গণভোট ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিলেন। এসময় রুবেল নামের এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কার্যক্রমে বাধা দেন। তিনি নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, গায়ে হাত দেন। এছাড়া তাদের বোরকা টানাটানি করে লাঞ্ছিত ও অপমানিত করেন।
এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নিন্দা জানিয়ে বলেন, নারীদের ওপর এ ধরনের আচরণ নির্বাচন, মানবাধিকার ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে এ ঘটনায় রমাগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও জানা গেছে।


