

হেলাল উদ্দিন, টেকনাফ : মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের চেষ্টা করার সময় ৬০০ বস্তা সিমেন্ট, একটি ফিশিং বোট এবং ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহড়া’-তে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সৈয়দ নজরুল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোট থামিয়ে তল্লাশি করা হলে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে শুল্ক–কর ফাঁকি দিয়ে বহন করা প্রায়। ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একইসঙ্গে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্য, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


