

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলার মৃত মকরম আলীর ছেলে।
শনিবার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। রবিবার (২৩ নভেম্বর) সকালে কানাইঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশসূত্র জানায়, জামাল উদ্দিন স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে শনিবার রাতে সীমান্ত অতিক্রম করে খাসিয়াদের সুপারি বাগানে ঢুকেন। তারা চুরি করে সুপারি আনতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এসময় খাসিয়ারা এলোপাতাড়ি গুলি করলে জামাল গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাকে কোনমতে সীমান্তে এনে ফেলে রেখে যায়। সীমান্তে লাশ পড়ে আছে এমন খবর পেয়ে রবিবার ভোরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর স্বজনরা জামালের লাশ সনাক্ত করেন।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানান, সুপারি চুরি করতে সীমান্তের ওপারে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়ে। এতে জামালের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


