

সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ।
সংগঠনের সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু ও মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
মানববন্ধনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। এসব ঘটনার মাধ্যমে সত্য প্রকাশকে রুদ্ধ করার অপচেষ্টা চলছে। অবিলম্বে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।










