সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ দৈনিক জনকণ্ঠ পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ ফরাজীর নামে রবু দালালের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বোরহানউদ্দিনের কর্মরত সাংবাদিকবৃন্দ।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন থানার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ, বোরহানউদ্দিন সাংবাদিক সংস্থার সভাপতি অন্তর হাওলাদার, সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ শাওন, জাতীয় দৈনিক আজকালের খবর ও ভোরের আলো প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি নীল রতন দে, দৈনিক বাংলা ভোলা প্রতিনিধি মোঃ ইউসুফ হোসেন অনিক, দিন বাংলা প্রতিনিধি কবির, দৈনিক কালবেলা প্রতিনিধি এম. এইচ. শরীফ, নিউজ ২১ প্রতিনিধি কাজী মোঃ আল-আমীন, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ তামিম ইসলাম, দৈনিক আলোচিত কণ্ঠ জেলা প্রতিনিধি মোঃ নুরনবী, দৈনিক সত্য সংবাদ স্টাফ রিপোর্টার মোঃ সোহেল, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আবুল বাশার, আশিক পন্ডিতসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের নামে প্রতিনিয়ত মিথ্যা মামলা দায়ের করে স্বাধীন সংবাদমাধ্যমকে চাপের মুখে ফেলার অপচেষ্টা করা হচ্ছে। যা দেশে সংবাদকর্মীদের জন্য এক অনিশ্চিত পরিবেশ তৈরি হয়েছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা একটি মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম—যেখানে সাংবাদিকরা ভয়ের মধ্যে নয়, সত্যের পথে কাজ করতে পারবেন।

বক্তারা আরও বলেন,।মিথ্যা মামলা এখন সাংবাদিক হয়রানির প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। যারা দেশ ও সমাজের সত্য তুলে ধরেন, তাদের ওপরই টার্গেটেডভাবে মামলা দেওয়া হচ্ছে। সাংবাদিক রিয়াজ ফরাজীর নামে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সাংবাদিক নেতারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
সাংবাদিকদের ওপর যেকোনো হয়রানি, নিপীড়ন বা মিথ্যা মামলা দেওয়ার বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে রুখে দাঁড়াবো। সংবাদমাধ্যমকে চাপের মুখে রাখার যে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক রিয়াজ ফরাজীর প্রতি সংহতি জানিয়ে বলেন—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই সাংবাদিকতার মূল শক্তি, এটিকে নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।