রেস্টুরেন্টে টাকা গণনার ছবি ভাইরাল: বিতর্কে মানিকগঞ্জ পৌর প্রকৌশলী

মোমিনুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি নিয়ে পৌরসভাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ভাইরাল হওয়া ছবিতে তাকে রেস্টুরেন্টে বসে টাকা গুনতে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা। এর জেরে জনমহলে নানা গুঞ্জন দানা বেঁধেছে।

এদিকে পৌরসভার একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেয়রবিহীন প্রশাসনের দায়িত্বে থাকা পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে জানায়—প্রকৌশলী শাহাদাৎ হোসেন ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া করেন না। এমনকি কাজ সঠিক থাকলেও বিভিন্ন অজুহাতে হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিও ওঠে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেন। তিনি দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিগুলো এআই-জেনারেটেড হতে পারে অথবা পারিবারিক লেনদেনের ছবি। “আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো উদ্দেশ্যমূলক এবং যাচাইয়ে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে,”—বলেন তিনি।

মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, বিষয়টি দপ্তরের নজরে এসেছে। “ছবির সত্যতা ও অভিযোগ যাচাই-বাছাই করে প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। নির্দেশনা পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে পৌরসভা এবং স্থানীয় মহলে তীব্র আলোচনার পাশাপাশি সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। যাচাই প্রক্রিয়া শেষ হলে প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।