

মোমিনুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের তিনটি আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (আজ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এই বাছাই পর্ব সম্পন্ন হয়।
বাছাই কার্যক্রমে প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দাখিল করা মোট ২৭টি মনোনয়নপত্র পর্যালোচনা করা হয়। এর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এবং ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে স্বীকৃতি পায়।
মানিকগঞ্জ-১ আসন
এই আসনে জনতার দলের প্রার্থী মো. শাহজাহান খান এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর ডা. আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলীপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মো. খোরশেদ আলম, গণঅধিকার আন্দোলনের মো. ইলিয়াস হোসেন এবং খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ।
মানিকগঞ্জ-২ আসন
এ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নানসহ স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী মোল্লা ও আবিদুর রহমান খান রোমানের মনোনয়নপত্র বাতিল হয়।
বৈধ প্রার্থীর তালিকায় রয়েছেন— সাবেক এমপি ও বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মো. সালাউদ্দিন এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী।
এখানে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা, এবি পার্টির মো. রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন এবং ড. রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে বৈধ ঘোষিত হয়েছেন— বিএনপির আফরোজা খানম (রিতা), জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মো. শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিন।
মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচন সংশ্লিষ্ট পরবর্তী ধাপগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে যাবে বলে জানিয়েছে নির্বাচন প্রশাসন।










