মানিকগঞ্জে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

মোমিনুর রহমান মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ বিপ্লবী মঞ্চের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ২.৩০ মিনিটে শহরের শহিদ রফিক সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলের আগে শহরের রফিক চত্বরে নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা (নামাজ) আদায় করা হয়।

বিক্ষোভ মিছিলে ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা “শরিফ ওসমান হাদির হত্যার বিচার চাই, খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে”, “ফ্যাসিবাদ নিপাত যাক”—সহ নানা স্লোগান দেন।

বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন ভারতের আধিপত্যবিরোধী, অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।