মাদরাসা শিক্ষাকে আধুনিক কাঠামোয় রূপান্তর করা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান

মোমিনুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নূরুল হক বলেছেন, “মাদরাসা শিক্ষা আর প্রান্তিক বা অবহেলিত থাকবে না। সময়ের চাহিদার সাথে মিল রেখে সমগ্র ব্যবস্থাকে নতুন কাঠামো, ভাবনা ও আধুনিকতায় এগিয়ে নেওয়া হবে।

শনিবার (১৫ নভেম্বর) মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে মাদরাসার মূল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পুনর্মিলনী স্মারক উন্মোচন করেন।

প্রফেসর নূরুল হক আরও বলেন, মাদরাসার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, “আগামী দিনের আদর্শ বাংলাদেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক সরকার মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবু সায়েম, ইবনে সিনা হাসপাতালের ডিজিএম মুহাম্মদ জাহিদুর রহমান ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ওবায়দুল হক বলেন, দ্বীনি শিক্ষার আলোকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করাই মাদরাসা শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব। সন্ত্রাস, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নৈতিক রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা রাখতে হবে।

পুনর্মিলনীকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সম্মাননা প্রদান। পরিশেষে মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রাণবন্ত সময় উপভোগ করেন।