মহাসড়কের ওপর বেধড়ক পিটুনি, বিএনপি নেতার ওপর জামায়াত নেতার হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে দশমিনা-বরিশাল মহাসড়কের ওপর আনোয়ার নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে বাউফল ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
পিটুনিতে জড়িত থাকার অভিযোগ ওঠে পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আবদুল্লাহ ওরফে রুবেল, তাঁর ভাই রহমান ও তাঁদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।
ভুক্তভোগী আহত আনোয়ার নিজেকে বিএনপির সমর্থক দাবি করে বলেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, পারিবারিক একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করা হয়। চিকিৎসার পর তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন।
তবে অপবাদ রটানোর জের বলে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত সমর্থক এবং অভিযুক্ত আবদুল্লাহর ভাই রহমান। তিনি দাবি করেন, ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাঁর স্ত্রীর নামে মিথ্যা অপবাদ রটানোর কারণেই এই ঘটনা ঘটেছে। রহমান আরও জানান, হামলার ঘটনার আগে আনোয়ারই প্রথমে তাঁর বড় ভাই (আব্দুল্লাহ)-কে থাপ্পড় মারেন, যা ভিডিওতে আসেনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তাদের কাছে এখনও বিস্তারিত কোনো তথ্য নেই।