ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ছয় শতাধিক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, সারাদেশের সরকারি হাসপাতালে ৬০৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী এখনো হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন—রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) এবং তার ছেলে মেহরাব হোসেন (১২)। রাফিউল সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। আব্দুর রহিম লক্ষ্মীপুরের চন্দ্রকোনার বাসিন্দা; তিনি সুরিটোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হন। সকাল সাড়ে ১১টার আগে এই ঘটনা ঘটে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমা নিহত হয়েছেন। ঘটনাটি গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ঘটে। ফাতেমার মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এক পথচারীও আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল থেকে ইট পড়ে একটি বসতবাড়ির সানশেড ভেঙে যায়। এতে মো. ওমর (৮), তার বাবা দেলোয়ার হোসেন ও দুই বোন আহত হন। পরে গুরুতর অবস্থায় ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। চিকিৎসাধীন অবস্থায় তার বাবা দেলোয়ারও মৃত্যুবরণ করেন।

পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ায় মাটির ঘর ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) নিহত হন। তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শিবপুর উপজেলায় গাছ থেকে পড়ে আহত ফোরকান মিয়া (৪৫) হাসপাতালে নেওয়ার পর মারা যান। ডাঙ্গা ইউনিয়নে ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে নাসিরউদ্দিন (৬৫) মারা গেছেন বলে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানিয়েছেন।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭ এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়েছে।