

মোমিনুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মানিকগঞ্জ জেলা শাখা।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি প্রফেসর আব্দুল মজিদ।
তিনি বলেন, “যারা মানুষ গড়বে, তাদেরকেও হতে হবে আদর্শিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ। শিক্ষকতা কেবল পেশা নয়, এটি জাতি গঠনের মহৎ দায়িত্ব।”
তিনি বর্তমান শিক্ষানীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে নীতিতে নৈতিক শিক্ষা নেই, সে নীতি মানুষ তৈরি করতে পারে না। আজ ধর্ষণ, অনৈতিকতা, শিক্ষকদের চরিত্রহীন আচরণ— এসবের মূল কারণ ইসলামী ও নৈতিক শিক্ষার ঘাটতি।”
তিনি আরও বলেন, “আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে আর দেশে ফিরে আসে না, কারণ দেশে মেধার সঠিক মূল্যায়ন নেই। এখনই সময় বেসরকারি শিক্ষকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার।”
এসময় তিনি সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন—
১️. বেসরকারি শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১০০% উৎসব ভাতা প্রদান করতে হবে।
২️. নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকবৃন্দকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে।
৩️. সব এবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আওতায় আনতে হবে।
৪️. কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন —
রেজাউল করিম হেনা, আল্তাব হোসেন খান, অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যক্ষ লিয়াকত হোসেন, এবং দেওয়ান তানজিল আহমেদ প্রমুখ।কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা সংহতি প্রকাশ করেন।










