

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার জুমার পর দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত আয়োজনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু মসজিদ নয়—দেশের মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় আচার–অনুষ্ঠান অনুযায়ী প্রার্থনা অনুষ্ঠিত হবে। অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন ধর্মের অনুসারীদের এই প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে সরকার।
এ ছাড়া দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা আমাদের সবার কাম্য। তার আরোগ্য কামনায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রার্থনায় অংশ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।
বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন থাকায় তার শারীরিক অবস্থার প্রতি দেশবাসীর গভীর আগ্রহ ও উদ্বেগ রয়েছে। সরকারের এই উদ্যোগকে সদর্থকভাবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল।


