

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হিন্দু সম্প্রদায়। আজ ০১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে বোরহানউদ্দিন কেন্দ্রীয় মন্দিরে এক শোক সভা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ভোলা ০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের হিন্দু জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই শোক সভায় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে টাঙানো ব্যানারে লেখা ছিল— “মহাকালের সমাপ্তি: সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক সভায় সভাপতিত্ব করেন তপন কান্তি দে। শোকাতুর পরিবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।
শোক সভা শেষে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের আপামর জনসাধারণের নেতা ছিলেন। তার মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো। আমরা ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সভায় উপস্থিত ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ বেগম জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোক সভায় বোরহানউদ্দিন এলাকার হিন্দু সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।










