

ক্যাম্পাস প্রতিনিধি: বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট), সৈয়দপুরের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৫। সোমবার ( ১০ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার লে. কর্নেল ড. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সালাউদ্দিন নয়ন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রংপুর বিভাগের সনামধন্য কলেজগুলোর হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটিং, আলোচনা সভা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। বক্তারা হিসাববিজ্ঞানের পেশাগত গুরুত্ব, নৈতিকতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর হিসাবচর্চার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করে উৎসবের আমেজ ও প্রাণচাঞ্চল্য।










