

নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে কিছু রাজনৈতিক দল ‘পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন)’ ইস্যু সামনে এনে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে দিনব্যাপী জনসংযোগ শেষে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মু. মুনির হোসেন বলেন, কিছু দল নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই নতুন কৌশল নিয়েছে। তারা পিআর ইস্যু তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে, যেন নির্বাচন পিছিয়ে দেওয়া যায়। অথচ জনগণ এখন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। যদি সরকার সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, ইনশাআল্লাহ বিএনপিই জনগণের ভোটে সরকার গঠন করবে।
দিনব্যাপী এ জনসংযোগ কর্মসূচিতে মুনির হোসেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি অসহায়, হতদরিদ্র ও পঙ্গু ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি প্রয়াত বিএনপি নেতা ইসমাইল বেপারীর কবর জিয়ারত করেন।
স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, আমি নেতা হতে আসিনি, আপনাদের ভাই হয়ে পাশে থাকতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, এই উপজেলাকে মাদক, দুর্নীতি ও দখলমুক্ত করে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব।
তিনি আরও প্রতিশ্রুতি দেন—চন্দ্রদ্বীপ ইউনিয়নে একটি কলেজ ও হাসপাতাল স্থাপন, দুর্যোগপ্রবণ এলাকায় সাইক্লোন সেন্টার নির্মাণ, স্থায়ী বেড়িবাঁধ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার।
বিএনপির উন্নয়ন অঙ্গীকারের প্রসঙ্গ টেনে মুনির হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফার ভিত্তিতে ১৮ হাজার খাল খনন করেছিলেন। এবার বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে প্রতিটি পরিবারে দেওয়া হবে ফ্যামিলি কার্ড।
ভূমি দখল ও লুটপাটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ কেউ লুট করতে পারবে না। দখলদারদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
পিআর ইস্যু প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে কিংবা নির্বাচনের সময় কেউ কি পিআর-এর কথা বলেছে? জনগণ কি জানে, পিআর আসলে কী? শিক্ষিত সমাজের অনেকে পর্যন্ত বিষয়টি বোঝেন না—এই অজ্ঞতার সুযোগ নিচ্ছে কিছু স্বার্থান্বেষী দল।
দিনব্যাপী জনসংযোগ শেষে চন্দ্রদ্বীপ ইউনিয়নে তার পথসভা জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় নির্বাচনী উত্তাপের আমেজ।


