নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ—ইসি আনোয়ারুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জোর দিয়ে বলেছেন, অতীতে নির্বাচন নিয়ে যে ‘কলঙ্ক’ লেগেছিল, এবার তা মুছে দিয়ে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার সম্মেলন কক্ষে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। “আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই,”—বলেন তিনি।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এককভাবে নির্বাচন কমিশনের পক্ষে একটি ভালো নির্বাচন সম্ভব নয়। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে ইসি আনোয়ারুল কঠোর বার্তা দিয়ে বলেন, “একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয়-ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।