টেকনাফে ইউনুস মেম্বার হত্যাকাণ্ডে মামলা দায়ের, দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

টেকনাফ প্রতিনিধি: অবশেষে কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুস মেম্বার হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে। গতকাল (৬ নভেম্বর) রাতে নিহত ইউনুস মেম্বারের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর—জি.আর-৭৯৯/২৫ইং।

মামলায় হ্নীলা রঙ্গিখালীর ছৈয়দুর রহমান ওরফে ছৈয়দ মেম্বারের পুত্র ও উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ওরফে শাফুইয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে—প্রধান আসামিসহ কয়েকজন স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী। নিহতের পরিবার দাবি করেছে, ইউনুস মেম্বারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সকালে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী গেইটের দক্ষিণ পাশে এইচকে আনোয়ারের প্রজেক্টসংলগ্ন খালের নিচ থেকে ভাসমান অবস্থায় সাবরাং ইউনিয়নের সাবেক মেম্বার ইউনুসের লাশ উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাযেদ মো. নাজমুন নুর মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে যেন কেউ রাজনৈতিক প্রতিহিংসা বা বাণিজ্য না করে—বরং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

এদিকে আজ শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুমা টেকনাফের সাবরাং এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।