টেকনাফে অস্ত্রধারীর হাতে ৪ শিশু জিম্মি — এ ঘটনায় আতংক বিরাজ করছে

হেলাল উদ্দিন, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় খেলার সময় ছয় শিশুকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। অপহরণের পর গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হলেও কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে দুই শিশু—ইসমাইল (১৭) ও মো. শাহীন (১৩)। এখনো নিখোঁজ রয়েছে চার শিশু।

জিম্মি থাকা চার শিশু হলো- মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫), আবু বক্কর ছিদ্দিক (১৩)।

স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদ জানান, সন্ধ্যার পর কয়েকজন শিশু একসঙ্গে খেলছিল। হঠাৎ পাহাড় থেকে নেমে এসে অস্ত্রধারীরা শিশুদের ধরে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে দুই শিশু পালিয়ে এসে বিষয়টি জানায়। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে অবহিত করেন এবং অপহৃতদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও পুলিশ তথ্য সংগ্রহ করছে এবং অপহৃত শিশুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৬০ জনকে অপহরণ করা হয়েছে। এদের বেশিরভাগকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত চার শিশুকে নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছে।