জুলাই সনদে স্বাক্ষর মানেই জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর করা কোনোভাবেই জাতীয় ঐক্য হিসেবে গণ্য করা যায় না।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের নেভি কলোনিতে এনসিপির নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “গত ১৬ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির দাবিতে ২০২৪ সালের শুরুতে আন্দোলন করতে হয়েছিল, পুলিশের গুলিতে শ্রমিক নিহত হয়েছেন। তখন শ্রমিকদের কোনো অধিকার ছিল না।”

তিনি আরও বলেন, “দেশে অনেকে মনে করে, কয়েকটি রাজনৈতিক দল একসাথে বসলেই জাতীয় ঐক্য হয়। কিন্তু জাতীয় ঐক্য তখনই সম্ভব, যখন ছাত্র, শ্রমিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়ে সংগ্রাম করে। আমরা সেই সত্যিকারের জাতীয় ঐক্যের পথে এগিয়ে যাচ্ছি।”

সংস্কার কমিশন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় অনেক কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে, কিন্তু শ্রম বা স্বাস্থ্য কমিশনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। নির্বাচনী সংস্কারের নামে গঠিত ছয়টি কমিশনের মধ্যেও গণতন্ত্রের জন্য আশাব্যঞ্জক কিছু দেখছি না।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “গণতান্ত্রিক ও অর্থনৈতিক রূপান্তরের আন্দোলনে ছাত্র, শ্রমিক ও পেশাজীবীরা এক হয়ে রাজপথে লড়বে। ‘জাতীয় শ্রমিক শক্তি’ সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে, এবং আমরা জয়ী হব।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “যে মাফিয়ারা শ্রমিকদের শোষণ ও লুটপাট করেছে, তাদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। বরং তারা এখনো সরকারি প্রটেকশন পাচ্ছে।”