

জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।
তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ১৫ নভেম্বর প্রাথমিক বাছাইয়ের ফলাফল প্রকাশ করা হবে।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। এটি নির্বাচনী নয়, বরং রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, “আজ থেকে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি উপায়ে ফরম সংগ্রহ করতে পারবেন—কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে এবং দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে। অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার সুবিধাও রাখা হয়েছে, যাতে প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।”


