
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালু মহলে সশস্ত্র হামলায় ইফতিয়ার এন্টারপ্রাইজের এক ম্যানেজারকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম মিরাজ (পূর্ণ নাম জানা যায়নি)। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্পিডবোটযোগে একদল সশস্ত্র দুর্বৃত্ত তেওতা বালু মহলে এসে বালু মহলের ইজারাদারকে খোঁজ করে। তবে তাকে সেখানে না পেয়ে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।










