
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ওয়ার্ড বিএনপির নেতা কামরুল মৃধার কাছে চাঁদা দাবি করার পর না পেয়ে তাকেসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার বদরপুর ইউনিয়স্থ নাজিরপুর বাজারে গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার সময় এ ঘটনা ঘটে।
কামরুল মৃধা অভিযোগ করে জানান, গত মঙ্গলবার রাত ৮টার সময় ব্যবসায়িক কাজ শেষ করে নাজিরপুর বাজারের মুরাদের দোকানের সামনে তার মোটরসাইকেল দাঁড় করালে একই বাড়ির এরশাদ মৃধা, শওকত মৃধা, রহমান মৃধা, জুয়েল মৃধসহ আরও কয়েকজনের একটি দল এসে তার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে একপর্যায়ে কথা কাটাকাটি হলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে।
‘পরে তার ডাকচিৎকারে কয়েস মৃধা, রাকিব মৃধা, আবুল বশার এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন এসে আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। আবুল বশারের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে রেফার করেন।’
কামরুল আরও অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে এরশাদ মৃধা একটি বাহিনী তৈরি করে এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে আসছে। এর কিছুদিন আগে তার ট্রলী রাস্তার মাঝে আটকিয়ে চাবি নিয়ে মোটা অংকের চাঁদা চায়। পরে তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে রাখে।
এ ঘটনায় অভিযুক্তদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, চাঁদাবাজির ঘটনা শুনিনি। মারামারির ঘটনা শুনেছি। উভয় পক্ষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। উভয়কে থানায় অভিযোগ দায়ের করার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করব।










