

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গোলড়া চড়খন্ড এলাকায় রাতের আঁধারে তিন ফসলি কৃষিজমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে ফরিদ নামের এক প্রভাবশালী মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় অবৈধ মাটি কাটা বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার (১৫ মার্চ) মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাগীর ইউনিয়নের গোলড়া চড়খন্ড এলাকায় দীর্ঘদিন ধরে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি বা টপ সয়েল কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন ওই ব্যবসায়ী। কৃষিজমি রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি তা অমান্য করে রাতের আঁধারে কয়েকশ’ ট্রলি মাটি সরিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এতে করে এলাকার বিস্তীর্ণ আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাশ্ববর্তী জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মাটি বহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও ট্রলির অবাধ চলাচলে স্থানীয় গ্রামীণ সড়কগুলোও নষ্ট হয়ে পড়ছে, ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, বারবার বাধা দেওয়া সত্ত্বেও ওই ব্যবসায়ী প্রভাব খাটিয়ে মাটি কাটা অব্যাহত রেখেছেন। ফলে কৃষকরা তাদের ফসলি জমি রক্ষা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।
লিখিত অভিযোগে এলাকাবাসী বলেন, “আমরা কৃষিনির্ভর মানুষ। এভাবে যদি ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই জমিতে আর ফসল উৎপাদন সম্ভব হবে না। তাই দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।










