দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর ও বগুড়ার উপনির্বাচন প্রমাণ করেছে, দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যা চেষ্টার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত সেক্রেটারি বলেন, দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী দুঃশাসন এমনকি বিএনপির আমলে মাগুরার নির্বাচনকেও ছাড়িয়ে গেছে। অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। একই সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।