কেশবপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ, কেশবপুর: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর পৌর শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিযোগিতার বাছাই পর্ব এবং বিকেল ২টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্ব শেষে মোট ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। প্রতিযোগিতা শেষে প্রথম চারজনকে বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর পৌর শাখার সভাপতি মো. বোরহান উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি ওবায়দুল্লাহ হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সাবেক সেক্রেটারি আবু জাফর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. বোরহান উদ্দীন, সাইদুর রহমান সাইদ, অ্যাডভোকেট ওজিয়ার রহমান, তাজাম্মুল ইসলাম, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ আব্দুর রহমান, হাফেজ তাওসিফ মাহবুব, হাফেজ আল আমিন হোসেন ও হাফেজ তৌফিক।

প্রতিযোগিতাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।