লন্ডনে ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

লন্ডন সময় সকাল ৯টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় বৈঠকটি শুরু হয়। এর আগে তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে বাসা থেকে রওনা হন।

তারেক রহমান বাসা থেকে রওনা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও আন্তর্জাতিক ভূরাজনীতি—এসব বিষয় বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলে আমরা ধারণা করছি।”

বৈঠক ঘিরে লন্ডন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে বৈঠকের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।