স্বপ্ন’র পিআর ম্যানেজার কামরুজ্জামান মিলু সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

দেশের অন্যতম বৃহৎ সেবামূলক রিটেইল চেইন স্বপ্ন’র মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান মিলুকে আর্থিক অসঙ্গতির অভিযোগ এবং এ সংক্রান্ত প্রাথমিক তথ্য পাওয়ায় সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‘মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান মিলু গত ৮ মার্চ ২০২৬ তারিখে ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগকে অবহিত করে পদত্যাগপত্র দেন এবং পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না করেই নিরুদ্দেশ হয়ে যান।

পরবর্তীতে তার দায়িত্বকালীন সময়ে সংঘটিত সম্ভাব্য কিছু আর্থিক অসংগতির অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রাপ্ত হওয়ায় এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলমান থাকা অবস্থায় মোহাম্মদ কামরুজ্জামান মিলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।’’

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের রমজান মাসে স্বপ্ন’র তেজগাঁও কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের জানান যে, স্বপ্ন-এর বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত বিষয়ে মো: আতিকুর রহমান (লিড – মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশন্স), অথবা মো: মাহাদী ফয়সাল (ডেপুটি ডিরেক্টর, ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি)’র সাথে যোগাযোগ করতে হবে। এখনও স্বপ্ন সংক্রান্ত বিজ্ঞাপন, জনসংযোগ বা এ ধরনের যেকোন বিষয়ে তথ্য বা প্রয়োজনীয় যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হচ্ছে যে, তারা যেন মোহাম্মদ কামরুজ্জামান মিলুর সাথে যোগাযোগ না করে উল্লেখিত প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন।

উল্লেখ্য, স্বপ্ন সবসময়ই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্পোরেট সুশাসনের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির দায়বদ্ধতা থেকেই মূলতঃ সাম্প্রতিক প্রশাসনিক বিষয়টি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।