পিটার হাস তো নয়ই, এই হোটেলে কোন বিদেশি গেস্ট নাই: সী পার্ল কর্তৃপক্ষ

জাফর আলম
কক্সবাজারের সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তো নয়ই, কোন বিদেশি গেস্ট নাই বলে জানিয়েছেন হোটেলটির চিফ সিকিউরিটি অফিসার লে. কমান্ডার কামরুজ্জামান।

মঙ্গলবার (৫ আগস্ট) প্রিয়দেশ নিউজকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, পিটার হাসের সাথে আমাদের সাক্ষাতের খবরটি গুজব। আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে এসেছেন। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

এনসিপির এই নেতারা হলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে। এরমধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরও ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে হোটেলটির চিফ সিকিউরিটি অফিসার এ মন্তব্য করেন।