ইজি শোরুমের অভিনব প্রতারণা, ভোক্তা অধিকারের জরিমানা

ইজি ফ্যাশন টি-শার্টে পুরনো প্রাইস ট্যাগের বদলে দাম বাড়িয়ে নতুন করে ট্যাগ লাগিয়ে অভিনব প্রতারণা করছে বলে জানা গেছে। ভোক্তা অধিকারের অভিযানে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি সিলেটের একটি শোরুমকে জরিমানা করা হয়।

জানা যায়, ইজি শোরুমে বিভিন্ন টি-শার্টে ‘ডবল ট্যাগ’ লাগানো অবস্থায় পাওয়া যায়, যা আইনের লংঘন। এ কারণে ভোক্তা অধিকার ইজিকে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং তা আদায় করেন।

সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফ মিয়া জানান, পণ্যের গায়ে ডবল ট্যাগ ব্যবহার, ৬০ শতাংশেরও বেশি মূল্য রাখায় ইজি ফ্যাশনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও মিলান, হিদায়াহ, ক্লাবহাউস, ফ্রিল্যান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য অভিজাত পোশাকের দোকানগুলোতেও অভিযান চালানো হবে।

শোরুম সূত্র জানিয়েছে, ইজি ফ্যাশনের মালিকপক্ষসহ উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে দেশের বিভিন্ন শোরুমে এ ধরনের জালিয়াতি করা হয়ে থাকে। এর আগেও বিভিন্ন সময়ে একাধিক শোরুমে একই বিষয়ে জরিমানা হয়েছে। শোরুম কর্মচারীদের এক্ষেত্রে কিছু করার নেই।

এসব বিষয়ে ইজি ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর ইসাদ চৌধুরী এবং ডিরেক্টর তৌহিদ চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।