মোটরসাইকেল বিক্রির টাকা ছিনিয়ে নিতে প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জে সাউথ আফ্রিকা ফেরত এক যুবকের মোটরসাইকেল বিক্রির ১ লাখ ৩১ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে তাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ বাবু নামের ওই ব্যক্তি এখন মাইজদীর প্রাইম হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ জিরতলী ইউনিয়ন ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোহাম্মদ বাবুর ছোট ভাই আব্দুল মান্নান বলেন: আমার ভাই দীর্ঘ ১১ বছর পর প্রবাস থেকে বাংলাদেশে আসে। দেশে আসার পর থেকেই স্থানীয় কিছু সন্ত্রাসী আমার ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। পরে আমরা যখন সমাজের গণ্যমান্যদের কাছে বিচার দেই তখন তারা বলে আমরা বিষয়টি মজা করে বলেছি। এরপর থেকেই তারা আমার ভাইয়ের উপর হামলার পরিকল্পনা করে আসছিল।

‘আমার ভাই শুক্রবার ব্যক্তিগতভাবে টাকা প্রয়োজন হওয়ায় আমাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করেন। এরপরই মুখোশধারী কিছু সন্ত্রাসী আমার ভাইকে হত্যার চেষ্টা করে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে। আমার ভাইকে মৃত ভেবে তারা খালের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গেছে। পরে আমরা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় মাইজদীর প্রাইম হাসপাতালে ভর্তি করেছি’, বলেন আব্দুল মান্নান।

তিনি জানান: পালানোর সময় কয়েকজন সন্ত্রাসী এলাকাবাসীর হাতে আটক হয়। পরে দেখা যায় তারা আমাদের গ্রামেরই বাসিন্দা। কিছুদিন আগে তারা আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করেছিল। তারা হলেন: আমাদের একই গ্রামের জাহাঙ্গীর আলমের ৩ ছেলে হাসান, শান্ত এবং শাওন। বেশ কয়েকজন সন্ত্রাসী নিয়ে তারা আমার ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার বলেন: জিরতলীতে মারামারি ও একজনকে কোপানোর ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যাকে কোপানো হয়েছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া গেছে।