
সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে যশোর জেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভার সাথে সমন্বয় পূর্বক বেনাপোল স্থল বন্দরে ১৩০ ফুট উঁচুতে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জাতীয় পতাকা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বৃহত্তম পতাকা স্থাপনের কাজ শেষ হবে বলে জানা যায়।বেনাপোল পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পতাকা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
ইতিপূর্বে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরে পতাকাটি স্থাপনের ব্যাপারে যশোর জেলা প্রশাসনের নিকট প্রস্তাবনা ও প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়। পরবর্তীতে, জেলা প্রশাসন কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা, শার্শাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বেনাপোল পৌরসভাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হলে, বেনাপোল পৌরসভা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রস্তাবনাটি গ্রহণ করে। পতাকাটি স্থাপিত হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে স্থাপিত বাংলাদেশের জাতীয় পতাকা। বেনাপোল বন্দর এলাকায় প্রবেশকারী দেশি-বিদেশি যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে উঁচুতে স্থাপিত এ জাতীয় পতাকাটি বাংলাদেশের মর্যাদা এবং ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হবে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোঃ সাইফুল আলম খান, পিএসসি জানান,বেনাপোল, যশোর বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ব্যস্ত স্থলবন্দরগুলোর একটি, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত এর প্রধান স্থলপথ সংযোগস্থল হিসেবে পরিচিত। প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য ও যাত্রী এই বন্দরের মাধ্যমে যাতায়াত করে, যা দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করে।
স্বাধীনতার এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশের পতাকা সবচেয়ে উঁচুতে উড়বে এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে বিজিবি সার্বক্ষণিক প্রতিজ্ঞাবদ্ধ।


