ববিতে নবীনবরণে ইসলামী ছাত্র আন্দোলনের ক্যারিয়ার কর্মশালা

তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার কর্মশালার আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা), ববি শাখা। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

নবীন শিক্ষার্থীদের নোটবুক, কলম, হাতপাখা ও সংগঠনের পরিচিতি দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ববি শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ এবং সভাপতিত্ব করেন হাসিবুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের অন্যতম গবেষক, লেখক ও রাষ্ট্রচিন্তক শাইখ মুসা আল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম।

অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তারা জাগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্বের উপর জোর দেন। একইসাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের সাফল্য এবং নবীনদের প্রতি সংগঠনের আহ্বান তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন ববি শাখার সাবেক সভাপতি শাহীন মাহমুদ ও হাসান মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক, দাওয়াহ সম্পাদক কাউসার আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মেহেদি হাসানসহ আমেলা ও অনুষদ কমিটির সাবেক-বর্তমান দায়িত্বশীল এবং বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা।