
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। ফজর আলী মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে।
এ ঘটনায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আগেই অনিক, সুমন, রমজান ও বাবু নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় ফজর আলীকে আসামি করে মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ ফজর আলীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেই সময়ই এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পাঁচ আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।


