যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি ও তার সফরসঙ্গীরা।

সফরকালে তিনি লন্ডনে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস।

এ ছাড়া ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক, প্রবাসী কল্যাণ, বাণিজ্য ও জলবায়ু ইস্যুতে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

যুক্তরাজ্য সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা জানিয়েছেন, প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ সৃষ্টি হবে এ সফরে। ড. ইউনূসকে স্বাগত জানাতে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও রয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এছাড়া দেশটিতেই রয়েছে সবচেয়ে বড় বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী।

সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।