এপ্রিলে নির্বাচন নিয়ে খুব সমস্যা হবার কথা নয়: মারুফ কামাল খান

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের পরিকল্পনায় খুব বেশি সমস্যা দেখছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‌‘আগামী বছর ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস। সেটা চৈত্র মাসের দ্বিতীয়ার্ধ। ঈদুল ফিতর হবে ১৯ বা ২০ মার্চ। এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ মে মাসে। কাজেই খুব সমস্যা হবার কথা নয়।’

তবে নির্বাচনের সময়সূচির চেয়ে এর গ্রহণযোগ্যতাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

‘আমার মনে হয় তারিখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং দেশে ও বিদেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারা। সেটার ওপর জোর দেওয়া উচিত।’

দেশে বহু বছর ‘প্রহসনের নির্বাচন’ হয়েছে বলেও মন্তব্য করেন মারুফ কামাল খান।

তিনি বলেন, ‘বহু বছর এদেশে নির্বাচনের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট রেজিম। ২০০৮ সালের নির্বাচনের পর অর্থাৎ গত ১৭ বছরে যারা নতুন ভোটার হয়েছে, সেই তরুণ-তরুণীরা কেউ ভোট দিতে পারেনি। কাজেই সবাই মিলে একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন।’

সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দ্বন্দ্ব-সংঘাত কোনো সুফল বয়ে আনবে না। বরং সবকিছু অনিশ্চিত হয়ে যেতে পারে তাতে। আমরা গণতন্ত্র চাই। ফ্যাসিবাদের সব ক্লেদ অপসারণ করতে চাই। দেশপ্রেমিক, জবাবদিহিমূলক, দক্ষ, যোগ্য সরকার চাই। দায়িত্বশীল বিরোধী দল চাই। আমরা পেছনে ফেরার বদলে সামনে আগাতে চাই। চব্বিশের রক্তদান যেন বৃথা না যায়।’