
তানজিদ শাহ জালাল ইমন,(ববি) প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জীবনানন্দ দাশ হলে শনিবার (৮ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক গবেষণা প্রকল্প “Facilitating Livelihoods through Advancing Smart Habitats in Peri-Urban Bangladesh (FLASH)” বা সংক্ষেপে ‘ফ্ল্যাশ’-এর প্রারম্ভিক সভা। প্রকল্পটির লক্ষ্য বাংলাদেশের প্রান্তিক নগর (Peri-Urban) অঞ্চলের মানুষের জন্য জলবায়ু-সহনশীল ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নেদারল্যান্ডসের ইউট্রেখ্ট ইউনিভার্সিটি, ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি ও ইরেসমাস ইউনিভার্সিটিসহ ১৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষক দলের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। সভার সভাপতিত্ব করেন বুয়েটের প্রফেসর ড. শাহজাহান মণ্ডল।
এছাড়া উপস্থিত ছিলেন ফ্ল্যাশ প্রকল্প দলের সদস্য ড. বিশ্বজিৎ মল্লিক (Utrecht University), প্রফেসর ড. হ্যান্স মিডেলকপ (Utrecht University), ড. মার্টি ভ্যান এর্ড (IHS-EUR), ড. কামনাশিস হালদার (Wageningen University), ড. হেলেন মিস (Utrecht University) এবং ড. এস. এম. লাবিব (Utrecht University)।
অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. অপূর্ব রায়।
বক্তারা জানান, ফ্ল্যাশ প্রকল্প প্রান্তিক শহরাঞ্চলের দ্রুত নগরায়ণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও জীবিকার অনিশ্চয়তা মোকাবিলায় একটি ‘লিভিং ল্যাব’ মডেলের মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করবে। প্রকল্পের আওতায় আবাসন, স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন (WASH) এবং সুশাসন—এই চারটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
গবেষকরা আশা প্রকাশ করেন, স্থানীয় জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজনের একটি কার্যকর মডেল তৈরি করবে, যা ভবিষ্যতে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে।










