
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় কৌশল ও ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে প্রথমবারের মতো বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই বৈঠকে স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
তবে অসুস্থতার কারণে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বৈঠকে যোগ দিতে পারেননি।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
এর আগে সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ৯ জানুয়ারি।


