মানিকগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে সৌদি সরকারের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪ ঘটিকায় সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি নাসরিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানাগুলোর ইফতারের আয়োজনকে সহায়তা করার লক্ষ্যে সদর উপজেলার ৫৮টি মাদ্রাসা ও এতিমখানার জন্য খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টন তুলে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি কার্টনে ২৪টি প্যাকেট রয়েছে এবং প্রতিটি প্যাকেটে ১ কেজি করে উন্নতমানের খেজুর সংরক্ষিত আছে। তালিকাভুক্ত বাকি ৩২টি প্রতিষ্ঠানের মধ্যেও আগামী রোববার পর্যায়ক্রমে এই উপহার বিতরণ করা হবে।

খেজুর বিতরণ অনুষ্ঠানে ইউএনও মৌসুমি নাসরিন বলেন, পবিত্র রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিশু-কিশোরদের ইফতারের আয়োজন সহজ করতে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠানের কাছেই এই উপহার পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা আলী হাসান ইমাম, মো. জালাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।