মাওলায়ে কায়েনাত হযরত আলী (আ.)-এর পবিত্র বেলাদত উপলক্ষে আলোচনা সভা

মাওলায়ে কায়েনাত হযরত আলী (আ.) ইবনে আবিতালিব-এর পবিত্র বেলাদত উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন রাসুল আকরাম (সা.) ইন্সটিটিউটের প্রিন্সিপাল ড. মাঈন উদ্দিন তালুকদার।

​বক্তব্যে তিনি পবিত্র রজব মাসের তাৎপর্য এবং এই মাসে হযরত আলী (আ.)-এর জন্মগ্রহণের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “পবিত্র কাবা যেমন একত্ববাদের প্রতীক, তেমনি এই পবিত্র ঘরের অভ্যন্তরেই ১৩ই রজব হযরত আলী (আ.) জন্মগ্রহণ করেন। আহলে সুন্নাতের বিশিষ্ট আলেমদের মতে, কাবার ভেতরে জন্ম নেয়ায় তাঁকে ‘মৌলুদে কাবা’ এবং পরবর্তীতে মেহরাবে শাহাদাত বরণ করায় ‘শহীদে মেহরাব’ হিসেবে অভিহিত করা হয়।”

​প্রিন্সিপাল মাঈন উদ্দিন তালুকদার রজব মাসকে পবিত্র রমজানের প্রস্তুতির সোপান হিসেবে উল্লেখ করেন। তিনি মুসল্লিদের এই মাসে অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ, দোয়া এবং নফল রোজা পালনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, রমজানের সিয়াম সাধনার পূর্বপ্রস্তুতি হিসেবে রজব মাসে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ।

​পরিশেষে তিনি রজব ও শাবান মাসের বরকত এবং পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে তাঁর বক্তব্য শেষ করেন।