
ময়মনসিংহ, (প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় দফায় দফায় ধর্ষণের শিকার হয়ে এক বাক-প্রতিবন্ধী তরুণী (১৭) দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর দূরসম্পর্কের প্রতিবেশী মো. সিদ্দিক মিয়া (৫৫) ঘটনা জানার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন। ভালুকা মডেল থানা জানিয়েছে, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
জানা গেছে, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বেলাশিয়াপাড়া গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করেন ভুক্তভোগী বাক-প্রতিবন্ধী তরুণী মোছা: জুয়েনা খাতুন। একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. সিদ্দিক মিয়া তাদের দূরসম্পর্কের প্রতিবেশী। পাশাপাশি বাড়িতে অবস্থানের কারণে সিদ্দিক মিয়ার জুয়েনারদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।
সম্প্রতি জুয়েনার খাওয়া-দাওয়া কমে যায় এবং তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। মেয়ের এমন অস্বাভাবিক আচরণে মা’র সন্দেহ হয়। তিনি ইশারায় মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় বাক-প্রতিবন্ধী জুয়েনা ইশারায় তার মাকে বোঝান যে, সিদ্দিক মিয়া গত তিন মাস ধরে তার সাথে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করছেন। পরবর্তীতে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভুক্তভোগী তরুণীর মা বিষয়টি নিশ্চিত হন যে, তার মেয়ে অন্তঃসত্ত্বা।
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে যে, বিয়ের কথা বলে ৫০০০ টাকা দেওয়ার মাধ্যমে সিদ্দিক মিয়া কৌশলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং এরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।” অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


