

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী Aishwarya Rai Bachchan ক্যারিয়ারের শুরুতে ছিলেন অত্যন্ত লাজুক ও সাধারণ এক তরুণী। বর্তমান সময়ে গ্ল্যামার জগতে খোলামেলা পোশাক খুব সাধারণ বিষয় মনে হলেও, নব্বইয়ের দশকের শুরুতে এ বিষয়ে তার ও তার মায়ের ছিল কড়া আপত্তি।
একবার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পিঠখোলা ব্লাউজ পরা নিয়ে তৈরি হয়েছিল চরম দ্বিধা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের পরিচালক Avinash Tripathi বিষয়টি প্রকাশ করেন।
তিনি জানান, ১৯৯২ সালের দিকে ঐশ্বরিয়া তখন খুবই সাধারণ পরিবারের মেয়ে ছিলেন এবং পারিবারিক মূল্যবোধের বাইরে যেতে চাইতেন না। পিঠখোলা ব্লাউজ পরার বিষয়টি নিয়ে তিনি এবং তার মা বেশ অস্বস্তিতে ছিলেন। পরে পরিচালক তাদের আশ্বস্ত করেন যে দৃশ্যটি অত্যন্ত নান্দনিক ও সৃজনশীলভাবে ক্যামেরায় ধারণ করা হবে। সেই আশ্বাস পাওয়ার পর শেষ পর্যন্ত শুটিংয়ে রাজি হন তারা।
অবিনাশ ত্রিপাঠীর মতে, ঐ সময় ঐশ্বরিয়া এতটাই লাজুক ছিলেন যে ক্যামেরার সামনে দাঁড়াতেও দ্বিধাবোধ করতেন। তবে কাজের প্রতি তার নিষ্ঠা ছিল প্রশ্নাতীত। একটি ম্যাগাজিনের ক্যাটালগ শুটে অংশ নিয়ে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ১,৫০০ টাকা।
এর মাত্র দুই বছর পরই ১৯৯৪ সালে তিনি জিতে নেন Miss World–এর মুকুট, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়।
ভারতের Mangalore থেকে Mumbai এসে নিজেকে প্রতিষ্ঠিত করার পথটাও তার জন্য সহজ ছিল না। বিজ্ঞাপনের কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের প্রতিনিধিত্ব করেন।


