পহেলা বৈশাখে ঢাকার যেসব জায়গায় চলছে মেলা

পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। লাল-সাদা পোশাক, মেলা, গ্রামীণ খেলাধুলা আর ঐতিহ্যবাহী খাবারে ভরপুর থাকে দিনটি। যদিও শহুরে জীবনে অনেক পুরোনো আনন্দ এখন স্মৃতিতে সীমাবদ্ধ, তবুও রাজধানী ঢাকায় নানা আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

পহেলা বৈশাখ ঘিরে ঢাকার বিভিন্ন প্রান্তে বসছে নানা আয়োজন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার আর গ্রামীণ খেলাধুলার সমারোহ। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে দিনটি উপভোগ করতে পারেন। জেনে নিন রাজধানীর কোথায় কোথায় জমছে বৈশাখী মেলা।

বিসিক মেলা: বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বৈশাখী মেলা বসেছে। হস্তশিল্প, নকশিকাঁথা, মাটির পণ্যসহ দেশীয় ঐতিহ্যের নানা সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাটি।

এসএমই বৈশাখী মেলা: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলছে বৈশাখী মেলা। ৩০০টির বেশি স্টল, দেশীয় পণ্য, খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এ আয়োজনে।

লাল বৈশাখী: কামাল আতাতুর্ক পার্ক, বনানী

‘লাল বৈশাখী’ আয়োজনকে কেন্দ্র করে দুই দিনব্যাপী আয়োজনে থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, ফটোবুথ, বালিশ খেলা ও মিউজিক্যাল চেয়ারের মতো মজার আয়োজন। কনসার্টে পারফর্ম করবেন হাবিব ওয়াহিদ ও রেনেসাঁ, লেভেল ফাইভ, নেমেসিস ব্যান্ড। এছাড়া থাকছে স্ট্যান্ডআপ কমেডিও। প্রতিদিন ৩০০ টাকা টিকিটে প্রবেশ করা যাবে।

বৈশাখী আয়োজন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল

প্রিমিয়াম বৈশাখী আয়োজনে এখানে থাকছে নাচ, গান, নাগরদোলা এবং বৈশাখী খাবারের সমাহার। এই আয়োজনে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।

বৈশাখী মেলা: এয়ার ফোর্স বেইজক্যাম্প, আগারগাঁও

দিনব্যাপী আয়োজনে রয়েছে বাউল গান, পটারি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও নানা খাবারের আয়োজন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে বায়োস্কোপ, মেহেদি উৎসব, ফেস পেইন্টিং, ক্যারিকেচার, বাউল গান ও পটারি হুইল। পাশাপাশি লাটিম, মার্বেল, দাঁড়িয়াবান্ধা, রণপা, লুডু ও ক্যারামের মতো ঐতিহ্যবাহী খেলাধুলাও থাকবে। খাবারের তালিকায় থাকবে নানা বাঙালি পদ।

উৎসবে বৈশাখ: শেফস টেবিল কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ভাটারা

‘উৎসবে বৈশাখ’ শিরোনামে আলপনা, পাপেট শো, বাউল গান, নাগরদোলা ও বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। সাধারণ প্রবেশ টিকিট ২০০ টাকা, আর কনসার্ট উপভোগ করতে খরচ হবে ৮০০ টাকা।

আর্কা বৈশাখ ১৪৩৩: আলোকি, গুলশান

‘আর্কা বৈশাখ ১৪৩৩’ আয়োজনের মাধ্যমে নগর জীবনে বৈশাখের আমেজ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

পুরান ঢাকা (চকবাজারসহ বিভিন্ন এলাকা)

পহেলা বৈশাখ মানেই চক বাজারসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে বসে ঐতিহ্যবাহী মেলা। এখানে পাওয়া যায় দেশি খাবার, খেলনা, মাটির সামগ্রী এবং পুরান ঢাকার নিজস্ব বৈশাখী পরিবেশ।