টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, পলাতক মালিক

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় নুরুল হোসাইনের মালিকানাধীন একটি মুরগির খামারের ছোট একটি কক্ষে তল্লাশি চালিয়ে কাঠের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে প্রায় ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে খামারের মালিক নুরুল হোসাইন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম।

এ ঘটনায় নুরুল হোসাইনকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।