টেকনাফে অস্ত্র ও মাদকসহ পাচারকারী আটক

হেলাল উদ্দিন, টেকনাফ: বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ভয়াল মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ এক পাচারকারীকে আটক করেছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হানিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ মার্চ বিকাল আনুমানিক ৫টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের রঙ্গিখালী এলাকা থেকে একটি সন্দেহভাজন অটোরিকশা জাদিমুড়া বাজারের দিকে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লেদা ও মুছনী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেন।

ইফতারের পর অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত বিশেষ টিমকে সংকেত দেয়। পরে অটোরিকশাটি সেখানে পৌঁছালে দ্রুত অভিযান চালিয়ে সেটি ঘিরে ফেলা হয়।তল্লাশিতে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং প্রায় ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা চালককে আটক করা হয়।

তিনি আরও জানায়, তাৎক্ষণিক ও কৌশলগত অভিযানের ফলে অভিনব পদ্ধতিতে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে, যা তাদের পেশাদারিত্ব ও গোয়েন্দা তৎপরতার প্রতিফলন। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।