চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৯ মাদক কারবারি

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোট (ট্রলার) যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চট্টগ্রামে আনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে।

পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের বাম পাশে রাখা ৩টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় বিশেষ কৌশলে লুকানো ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ট্রলারের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।