আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াক আউট

আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় এর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

বিরোধী দলের অভিযোগ, সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ নিয়ে যে সমঝোতায় পৌঁছেছিল, সরকার তা ‘মানেনি’। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল হুবহু পাসের সুপারিশ থাকার পরও অধিবেশনে ৮ ধারায় তিনটি সংশোধনী এনে তা সংশোধিত আকারে পাস করা হয়।

অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬ সংশোধিত আকারে পাস হওয়ার অভিযোগ নিয়ে সরকারি দল, বিরোধী দল, চিফ হুইপ, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের মধ্যে দীর্ঘ ‘বাক্যবিনিময়’ হয়।

বিল পাসের পর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, এখানে সংশোধনী আনার মাধ্যমে সরকারি দল রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করেছে। দিনদুপুরে, ছল-চাতুরীর মাধ্যমে সংশোধিত আকারে বিলটি পাস করা হয়েছে।

সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন। সরকার আনেনি। প্রয়োজনে পরে এ বিলটি আবার সংশোধন করা যাবে।

বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সঙ্গে বিতর্কের এক পর্যায়ে সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

ওয়াক আউটের সময় শফিকুর রহমান বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াক আউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।

শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন। সে সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ‘নিরপেক্ষতা হারিয়েছেন’ বলেও অভিযোগ করেন।