সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭

রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক ডা. কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে আটক করেছে র‍্যাব।

মূলত, শুক্রবার হাসপাতালটিতে গিয়ে যুবদলের নাম ভাঙিয়ে স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে হুমকি দেয়ার অভিযোগ ওঠে। এসময় টাকা না পেয়ে, ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্তার অভিযোগও ওঠে।

সেদিন রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। তারা বলেন, অভিযুক্ত মইন উদ্দিনের সাথে যুবদলের কোন সম্পর্ক নেই। পাশাপাশি তারা আশ্বস্ত করেন, চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনার।

জানা যায়— শুধু এই শুক্রবারই নয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা-দাবি করে আসছিল স্থানীয় এই কথিত নেতা।